আশরাফুল মামুন মালয়েশিয়া 

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (এমআইএইচএএস)-এর ২২তম আসরে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ব্যবস্থাপনায় এসব প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
‘শেইপিং ট্রাস্ট, ড্রাইভিং রেজিলিয়েন্স’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের প্রায় এক হাজার ৭০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রায় দুই হাজার বুথে হালাল খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
মেলায় প্রতিষ্ঠানগুলো খাদ্য ও পানীয়, রেডি-টু-ইট পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, মসলা, সুগন্ধী চাল, মধু, চা, কৃষি ও কৃষিজাত পণ্য, ওষুধ এবং ভোক্তা পণ্যসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরছে।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন ও বিভিন্ন বাংলাদেশী প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেছেন। এ সময় মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেড) ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (এক্সপোর্ট অ্যাক্সেলারেশন) জাই শ্যাঙ্কার উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এমআইএইচএএস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হালাল বাণিজ্য প্ল্যাটফর্ম হিসেবে আন্তর্জাতিক ক্রেতা, আমদানিকারক, পরিবেশক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের একত্র হওয়ার সুযোগ তৈরি করে। ফলে এ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দেশের হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।