শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের শিবচর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল একটি বাসের পেছনে অপর বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে চাকা বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেয়া হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে টমটমের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম মোজাহিদ। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





