বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বউ শাশুড়ির সম্পর্ক থাকতে হবে মেয়ে এবং মায়ের মতো। কারণ আমাদের সমাজে অনেকেই শাশুড়ি হিসেবে ছেলের স্ত্রীকে মেনে নিতে কষ্ট বোধ করেন। আবার শাশুড়িকে মা হিসেবে ছেলের বউয়েরা মেনে নিতে চায় না। পরিবারে যাদের এমন অবস্থা তাদের সংসারে শান্তি থাকে না। গতকাল রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ‘বউ-শাশুড়ির অঙ্গীকার গর্ভকালীন সেবার অধিকার’ শিরোনামে জননী আয়োজিত ‘বউ শাশুড়ি মেলায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মেলায় উপস্থিত শাশুড়ি ও বউদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে যারা শাশুড়ি এসেছেন তারা অবশ্যই ছেলের বউকে আপন মেয়ের মতো করে দেখবেন এবং যারা ছেলের স্ত্রী হয়ে শ্বশুর-শাশুড়ির বাড়িতে এসেছেন তারাও অবশ্যই শাশুড়িকে মায়ের মতো করে দেখতে হবে। তাহলে পরিবারে কখনো অশান্তি হবে না। পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসা অটুট থাকলে পরিবারের সবাই একসাথে শান্তিতে বসবাস করা সহজ হয়।
এটিএম আজহার বলেন, বর্তমান সরকার আমলে স্বাস্থ্যসেবার মান অনেক ভালো পর্যায়ে চলে এসেছে। সরকার এবং বিরোধী দলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রোগীর সেবার মান বাড়িয়ে আরো উন্নতির দিকে এগোচ্ছে। যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় সেগুলো ১০০ শয্যা করার ব্যবস্থা নেয়া হয়েছে এবং যেগুলো ১০০ শয্যা সেগুলো ১৫০ করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, আপনারা সবাই আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি সুন্দর ও উন্নত জাতি উপহার দিবো। এই কথাটি অনুধাবন করে অবশ্যই মাদেরকে সন্তানদের প্রতি আদর, স্নেহ ভালোবাসার পাশাপাশি শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। তবে শিক্ষার বিষয়টি শুধু ছেলেদের পক্ষে গুরুত্ব দিলে হবে না সমানভাবে মেয়েদেরকেও একই সুযোগ দিতে হবে। একটি শিক্ষিত মেয়ে শ্বশুরবাড়িতে গেলে সেই বাড়ির পরিবেশে সহজেই মিশে যেতে পারবে। শিক্ষিত মেয়েরা সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেদের অবদান রাখার যোগ্যতা রাখেন। তাই শিক্ষার ক্ষেত্রে ছেলেমেয়ের বৈষম্য করা যাবে না। 
ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আশিকুল আরেফিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী প্রমুখ।
এর আগে তিনি বদরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে উপজেলা হেডকোয়ার্টার হতে হাসপাতাল রোডের মরা তিস্তা নদীর ওপর নির্মিত ৪০.১০ মিটার গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।