পটুয়াখালী প্রতিনিধি
শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, তরুণদের মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
গতকাল শনিবার পটুয়াখালী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী সরকারি কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘জ্ঞান, দক্ষতা, দেশপ্রেম ও ইসলামী চেতনা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে ক্যারিয়ারবিষয়ক আলোচনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সুমন সরকার এবং সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নীতি-নৈতিকতার চর্চা করার পরাশর্শ দেন।





