বগুড়া অফিস
বগুড়া সদর উপজেলার পীরগাছা হাটের সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন হাটের ইজারাদার ও বিএনপি নেতা আরিফুল ইসলাম।
গত রোববার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পীরগাছা হাটের তিনটি দাগে মোট ৯৭ শতক জমি এক বছরের জন্য ৩১ লাখ ৩২ হাজার ৫০০ টাকায় ইজারা নিয়ে চলতি বছর হাট পরিচালনা করছেন তিনি। তবে ইজারাকৃত জমির প্রায় ২১ শতক দখল করে মন্দিরের নামে দোকানঘর নির্মাণ করেছেন লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল। এ ছাড়া আরো প্রায় ছয় শতক জমিতে অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরিফুল ইসলামের অভিযোগ, সরকারি জমিতে দীর্ঘদিন ধরে এসব স্থাপনা থাকায় ইজারা নেওয়ার পরও হাটের পুরো জায়গা ব্যবহার করতে পারছেন না তিনি। এতে সরকারও কাক্সিক্ষত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানানো হলেও দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।