পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে দলমত ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু।
সম্প্রতি বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রথম সরকারি সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দিনব্যাপী সফরে তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে পৃথক সভা করেন।
মন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত কারণে নাইক্ষ্যংছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য অপরিহার্য। উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী সীমান্ত নিরাপত্তা জোরদার, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও চোরাচালান দমনে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। সভায় ১১ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।