বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে চীনা প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতার বিভিন্ন দিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সভাপতিত্ব করেন বিসিএফএর সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জহির উদ্দিন স্বপন, মো: বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ এবং অধ্যাপক ড. মো: আলতাব হোসেন। এ ছাড়া বিসিএফএর মহাসচিব মো: তোফাজ্জল হোসেন, সদস্য গোলাম আলম, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অন্যান্য বক্তার পাশাপাশি আলোচনায় অংশ নেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ। তিনি বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অতিথি ও বক্তাদের আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ সহযোগিতার সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো উঠে আসে।