বুটেক্স প্রতিনিধি

টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষ পেশাজীবী সংগঠন ‘দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস’ (আইটিইটি), বাংলাদেশের নবনির্বাচিত ১৫তম কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে আইটিইটির সভাপতি প্রকৌশলী মো: এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, রাজউক চেয়ারম্যান ও আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম সামসু উদ্দীন খানসহ আইটিইটির নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ‘দেশের  অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পোশাকশিল্পের ভূমিকা অনস্বীকার্য। বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরিবেশবান্ধব উৎপাদন, প্রযুক্তিগত আধুনিকায়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।’
সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম ‘দল-মত যার যার, আইটিইটি আমাদের সবার’ নীতির ওপর জোর দিয়ে বলেন, বিজয়ী ও বিজিত সব পক্ষকে সাথে নিয়ে পেশাজীবীদের কল্যাণে কাজ করতে হবে। তিনি টেক্সটাইল গবেষণার জন্য বিশেষ তহবিল গঠন, ‘জাতীয় টেক্সটাইল ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স সেন্টার’ প্রতিষ্ঠা এবং টেক্সটাইল প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র বিসিএস ক্যাডার চালুর তাগিদ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিদেশে নিযুক্ত বাণিজ্যিক মিশনগুলোতে ব্যবসায়ীদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং পোশাক কারখানায় নারীশ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে আইটিইটির সভাপতি প্রকৌশলী মো: এনায়েত হোসেন বিশ্বজুড়ে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোর ‘কমার্শিয়াল উইং’-এ টেক্সটাইল বিশেষজ্ঞ নিয়োগের জোর দাবি জানান। এতে বিদেশী ক্রেতাদের সাথে কারিগরি দরকষাকষি ও দেশের পোশাক খাতের উৎপাদন সমন্বয় আরো বেগবান হবে বলে তিনি মতপ্রকাশ করেন। পাশাপাশি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি স্বচ্ছ, কার্যকর ও সদস্যবান্ধব আইটিইটি উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান শেষে এক প্রীতি নৈশভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।