সংসদ প্রতিবেদক
দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে নতুন সড়ক-মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে সরলরেখায় (স্ট্রেইট লাইন) সড়ক তৈরির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। অন্য দিকে নারী যাত্রীদের জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসকে অপ্রতুল উল্লেখ করে দ্রুত আরো ১০০টি বাস চালুর ব্যবস্থা নেয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দফতরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক-মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এসব স্থানে সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে কমিটিকে জানানো হয়।
এ ছাড়া নতুন যেসব সড়ক ও মহাসড়ক প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলোর নকশা ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় স্থানে সরলরেখা (স্ট্রেইট লাইন) নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে। সড়কের বাঁক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ অংশের কারণে দুর্ঘটনার আশঙ্কা কমাতে প্রকল্প গ্রহণের সময় থেকেই বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের জন্য বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অপ্রতুল হওয়ায় আরো ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালুর ব্যবস্থা নেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমিতে নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে রিসোর্টটির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এর বিভাগ ও দফতর-সংস্থার কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো: রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো: রফিকুল ইসলাম খান ও মো: মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান বৈঠকে যোগ দেন।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।





