নয়া দিগন্ত ডেস্ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত রুয়েট শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়াকৃত বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর বাবা নিহত হয়েছেন।
রুয়েট প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন। গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত ২৩ সেপ্টেম্বর রাজশাহীর বিনোদপুর এলাকায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। এ ঘটনায় প্রথমে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাফিদ শাহরিয়ার রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইবি শিক্ষার্থীর বাবা নিহত 
ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়াকৃত বাস ‘শানে খোদা’র চাপায় আইন বিভাগের শিক্ষার্থী লিখন ইসলামের বাবা মনোয়ার হোসেন (৪৫) নিহত হয়েছেন। শনিবার বিকেলে কুষ্টিয়া থেকে ফেরার পথে লক্ষ্মীপুর বাজারসংলগ্ন এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ইবির প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ভাড়া বাস ‘শানে খোদা’ দ্রুতগতিতে সড়ক বিভাজকের উল্টো পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা মনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ইসলামের বাবা।