ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দক্ষতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৪০ শিক্ষার্থীকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। নোবিপ্রবি ও এটুআইয়ের যৌথ আয়োজনে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নেন।
সোমবার অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন এবং হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্থস উল আরেফিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটুআইয়ের ফিউচার অব ওয়ার্ক টিম লিড সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির প্রোভিসি অধ্যাপক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, রেজিস্টার মো: হাছান উদ্দীন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আসাদুন নবী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান, এটুআইয়ের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির সহকারী পরিচালক এম নিয়াজ মোহাম্মাদ নাজমুল হুদা মিঠু, এজেন্সি টু ইনোভেটের কর্মকর্তা মো: রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 
অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্রযুক্তির উৎকর্ষতাকে ধারণ করে দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার বাড়াতে হবে, যাতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। প্রবন্ধ, আর্টিকেল ও গবেষণায় এআই ব্যবহার করা যাবে, তবে অবশ্যই চৌর্যবৃত্তি পরিহার করে নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হব। বিজ্ঞপ্তি।