বাংলাদেশ চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা দু’টি দক্ষতা পেশায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী ৬৪টি দক্ষতা পেশায় অংশগ্রহণ করেন। এ ছাড়া ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় প্রতিটি দেশের প্রতিযোগীদের পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে স্ব স্ব দেশের ডেলিগেশন হেডের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় বেস্ট অব নেশন প্রতিযোগী। পরে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় সব দেশের নির্বাচিত প্রতিযোগীদের ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে বেস্ট অব নেশন স্বীকৃতির জন্য চূড়ান্ত করা হয়। বাংলাদেশের প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকত চূড়ান্তভাবে বেস্ট অব নেশন স্বীকৃতির জন্য নির্বাচিত হন। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে অংশ নেয়া সৈকতকে আজ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেস্ট অব নেশন স্বীকৃতি প্রদান করা হয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।





