ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশেষ আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে ‘আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো: মনিতুর রহমান, চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহীন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো: তারিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানে ২০২২-২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী গবেষণা অনুদান ও শিক্ষাবৃত্তি গ্রহণের মাধ্যমে উপকৃত হয়েছেন। বিজ্ঞপ্তি