গাজীপুর জেলা প্রতিনিধি

প্রিজন ভ্যান থেকে  আসামি পালানোর ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। এ সময় সুযোগ বুঝে সে পালিয়ে যায় ।
কমিশনার বলেন, আসামি পলায়নের পরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রিজন ভ্যানের চালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (ডিসি) হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবে। গত ১৯ মে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজাকে গ্রেফতার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেয়া হয়। পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে।