নাটোর প্রতিনিধি
নাটোরে সোনালী ব্যাংক কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড শাখায় বিধিবহির্ভূতভাবে ভাউচারবিহীন লেনদেনের মাধ্যমে এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের চারটি শাখার সাবেক শাখা ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের মধ্যে দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি।
বরখাস্ত  দুই কর্মকর্তারা হলেন, কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড শাখার সাবেক ব্যবস্থাপক, বর্তমানে নওগাঁ প্রিন্সিপাল শাখায় কর্মরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার  লিটন কুমার ও একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমানে নওগাঁ টিটিডিসি শাখার ব্যবস্থাপক বিপুল কুমার পাল। স্টেশন বাজার শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে নাটোর প্রধান শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত এএইচএম রোকনুজ্জামান, গুরুদাসপুর শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে নাটোর প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান এবং চাঁচকৈড় শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে বড়াইগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হাফিজুর রহমান কর্মরত রয়েছেন ।
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার ইনচার্জ শওকত জামান স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ব্যাংকের ভিজিল্যান্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে নাটোর ও নওগাঁর সংশ্লিষ্ট শাখায় গোপনীয়ভাবে চিঠিগুলো পাঠানো হয়। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।
ব্যাংকের চিঠি বা স্মারক সূত্রে জানা গেছে, সম্প্রতি নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, গুরুদাসপুর ও চাঁচকৈড় শাখায় অভ্যন্তরীণ ও বিশেষ অডিট পরিচালনা করা হয়। অডিটে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে।