নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে হিজাব ও টুপি বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর  ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত, চাঁদা ও সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এ জন্য দরকার সৎ মানুষ। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে সমাজটা পাল্টে যাবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালো মানুষ হওয়া এবং নিজেদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে হিজাব ও টুপি বিতরণ করা হয়।