নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং ও শেখেরটেক এলাকায় চাপাতি নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও জবরদখলের চেষ্টা মামলায় পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধসহ ১০ জনকে  গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে সেখানে পুলিশ অভিযান চালানোর সময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনসহ চারজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার পুলিশ এবং এ সংক্রান্ত মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মুখোশধারী শ্যামলী হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা হওয়ার পর আসামিরা নবোদয় হাউজিং সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা-পুলিশের একটি বিশেষ দল রাত আনুমানিক ২টার দিকে অভিযান শুরু করে।
ডিএমপির  তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো: জুয়েল রানা ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাত থেকে আটজন দুষ্কৃতকারীকে ঘেরাও করে গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো চাপাতি নিয়ে সরাসরি পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলাম তার শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে দুই সন্ত্রাসীর পায়ে গুলি লাগে এবং চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত ‘বাবু হত্যা’ মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদ উভয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি করে মামলা রয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।