কক্সবাজার অফিস
কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান গত ২৫ সেপ্টেম্বর এফভি রিফাত নামক একটি ফিশিং বোট ১৩ জেলেসহ টেকনাফ হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বরে কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।
তৎক্ষণাৎ গভীর সমুদ্রে টহলে নিয়োজিত জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ সাগর উপকূল থেকে বিকল হওয়া বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং গতকাল দুপুরে টেকনাফে বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
