রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে হলটির অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে জুলাই-৩৬ হলের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজনুর বর্ণ বলেন, ‘এত সুন্দর একটি আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্য অর্জন করতে পেরেছি।’ 
একই হলের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত আনজুমান মিতা বলেন, বিভাগে প্রথম হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তবে এই অর্জন শুধু আমার একার নয়- আমার শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা এবং অনুপ্রেরণারও ফল।’ 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, প্রতিটি বিভাগেই নারীশিক্ষার্থীরা ভালো করছে। বেশির ভাগ বিভাগে প্রথম দিকের সিরিয়ালে মেয়েদের উপস্থিতি বেশি। এটি নারীদের জন্য খুবই ইতিবাচক একটি দিক।
তিনি আরো বলেন, ‘আমি আশা করি, আপনারা জুলাই-৩৬ হলকে আরো ভালো জায়গায় নিয়ে যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অবদান রাখবেন।’
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারীশিক্ষার্থীরা খুব ভালো করছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। 
জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাভলী নাহার বলেন, ‘আমাদের কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’