কুয়েট প্রতিনিধি
জনকল্যাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টরসহ উদীয়মান প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।
সাক্ষাৎকালে প্রযুক্তিটির অপব্যবহার যেন মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য এআইয়ের পরিমিত ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সাথে উচ্চশিক্ষার সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান।
কুয়েট ভিসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান। সাক্ষাৎকালে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কুয়েটের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।





