চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ এ সংঘর্ষকে সামান্য বলে জানিয়েছে। এ সময় একটি মাদার ভেসেলের ধাক্কায় সেখানে একটি লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বন্দর সুত্র জানিয়েছে, গতকাল সকালে এমভি এপিজে শিরিন নামের মাদারভেসেল থেকে কয়লা খালাস করে লোড করা হচ্ছিল এমভি সানি ৫ নামের লাইটার জাহাজে। এ সময় এমভি এইচজি সিডনির সাথে এপিজে শিরিন জাহাজের সংঘর্ষ হয় এবং সেখানে লাইটারিংরত এমভি সানি ৫ ক্ষতিগ্রস্ত হয়।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে এমভি এইচজি সিডনি যখন কুতুবদিয়া আলফা অ্যাংকরেজের দিকে অগ্রসর হচ্ছিল, তখন এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনি এই দু’টি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। উভয় জাহাজই চট্টগ্রাম বন্দরের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে (ভিটিএমআইএস) ঘটনাটি জানায় এবং এরপর দ্রুত নিজেদের অবস্থান নিরাপদ ও স্থিতিশীল করে।





