চট্টগ্রাম ব্যুরো
আগামী ২৩ নভেম্বর থেকে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্ভাব্য উদ্বোধনী তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ মেলাকে নামেই সীমাবদ্ধ না রেখে সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। বিদেশী প্রতিষ্ঠান ও দেশের নামীদামি শিল্পপ্রতিষ্ঠানের আরো হারে অংশগ্রহণ এবং তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা হবে।
গতকাল বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে মেলার প্রস্তুতি সভায় সার্বিক দিকনির্দেশনা প্রদানকালে চেম্বারের সাবেক সভাপতি ও সিআইটিএফ-২০২৬ কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এ কথা বলেন। চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৬ কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল আলম এতে সভাপতিত্ব করেন।
আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, মেলায় ২০টি প্যাভিলিয়নসহ মোট ২১৫টি স্টল থাকবে। বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন দেশের দূতাবাসের সাথেও যোগাযোগ করা হচ্ছে।
এ সময় চেম্বার সিনিয়র সহসভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী, মেলা কমিটির কো-চেয়ারম্যান ও চেম্বার পরিচালক আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), চেম্বার পরিচালক ও কমিটির সদস্যরা আসাদ ইফতেখার, এ. এস. এম. ইসমাইল খান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মো: সেলিম নুর এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন।
