ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের দুই দিনের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি, বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের আসামি রয়েছে। গত সোম ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল স্টেশন বাজারের পাঁচপীরের দরগাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো: রুবেল মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: সাইফুল আলম ও এএসআই মো: ইমরানের নেতৃত্বে পুলিশের একটি দল সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইউসুফ ওরফে বুদ্দুকে (২৫) গ্রেফতার করে। একই অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পলাতক আসামি মো: আরিফুল ইসলাম ওরফে তানভীরকে (২৫) শিদলাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ছয়জনকে সামারি ট্রায়ালের জন্য গ্রেফতার করা হয়েছে।