গাজীপুর মহানগর প্রতিনিধি
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আবারো সাফল্য পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন বুধবার তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের দুই হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
শুধু সামগ্রিক অবস্থান নয়, শিক্ষার মানের সূচকেও এগিয়ে রয়েছে গাকৃবি। র্যাঙ্কিংয়ের ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। শিক্ষাদানের পাশাপাশি গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সাথে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি-এ পাঁচটি প্রধান ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করেছে ঞঐঊ।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি। সাম্প্রতিক এ অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।





