নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য আলাদা কোনো প্রজ্ঞাপনের দরকার হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি জানিয়েছেন এক প্রজ্ঞাপনেই এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের আওতায় আসবেন। আলাদা প্রজ্ঞাপন দরকার হবে না। সরকারি চাকরিজীবীরা যে সুবিধা পাবেন, শিক্ষকরাও ঠিক তাই পাবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার। সরকারিকৃত কলেজের শিক্ষকরা বদলির সুবিধা পাবেন। নীতিমালা হচ্ছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনার শুধু শিক্ষক নয়, জাতির বিবেক।
ব্যাংক খাতে লোনসহ অন্যান্য দুর্ঘটনা থাকা সত্ত্বেও আমরা দ্বিধান্বিত ছিলাম আমাদের ঠিকমতো বেতন-ভাতা হবে কি না। কিন্তু এই সরকার আন্তরিকতার সাথে বেতন-ভাতা নিশ্চিত করার সাথে-সাথে আমাদের এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বাজেটে নতুন পে-স্কেলের বিষয়টি নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য আলাদা গেজেট হবে না একই গেজেটে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এ সরকারের আন্তরিকতার কারণে। এ পে-স্কেল ঘোষণা করায় আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারি।





