নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কথাকাটাকাটির জেরে স্ত্রীকে গলায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাবেদের বিরুদ্ধে। এদিকে খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে মো: হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অপর দিকে কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তি ও গোপালগঞ্জে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে এক গার্মেন্টকর্মী ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কথাকাটাকাটির জেরে স্ত্রীকে গলায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাবেদের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে এসআরবি। গতকাল সকালে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বিবি সানজু।
পুলিশ জানায়, জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। মঙ্গলবার সারারাত বাইরে থাকার পর গতকাল সকালে বাসায় ফেরেন। এ সময় স্ত্রী সানজুর সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে ঘটনার পরপরই অভিযানে নামে এসআরবি। প্রায় দুই ঘণ্টার মধ্যে জাবেদকে আটক করে তারা। এ সময় তার কাছে হত্যায় ব্যবহৃত ছুরিটিও পাওয়া যায়।
কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
এ দিকে নগরীর খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে মো: হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় ওই এলাকার বাসিন্দা, দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সাথে সড়কের পাশের ফুটপাথে ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি ও পরিবারের সাথে ওই এলাকাতেই থাকত।
কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় ক্যানেলের মধ্যে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় জানান। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
দৌলতপুর থানার ওসি মো: খালেদুর রহমান জানান, সকাল ৮টায় সংবাদ পেয়ে তালতলা মাঠের ক্যানেল থেকে আনুমানিক ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মুখোমণ্ডল বিকৃত লাশ উদ্ধার করি। কুষ্টিয়া থেকে সিআইডি টিম ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জে যুবককে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবককে হত্যার পর পরিত্যক্ত ধানের মিলের জানালায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল সকালে সদর উপজেলার উলপুরে জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ইমাম উলপুর গ্রামের জহিরুল মৃধার ছেলে। গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ জানিয়েছে, ইমামের দেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ভালুকায় পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ভালুকায় এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক মো: নাজমুল হককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানায় মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় নাজমুল হকের বাড়িতে ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। গত ২৪ সেপ্টেম্বর রাতে বাড়ির মালিক নাজমুল হক সুযোগ বুঝে ওই ভাড়াটিয়া পোশাককর্মীকে ধর্ষণ করেন।
বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নানা বাড়িতে বেড়াতে আসা এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর (১৫) পলাতক আছে। গত ২৬ সেপ্টেম্বর বিকেলে দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাতে পাগলা থানায় ওই কিশোরীর নানা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভুক্তভোগী কিশোরীর বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার দুলঝুড়ি গ্রামে। ২৯ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।





