বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড় পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার তারা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে আবারো জানালো সংস্থাটি।
ইইউ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সময় স্বল্পতার কারণে তারা কোনো টিম পাঠাবে না। এটার জন্য ৬ মাস সময়ে প্রয়োজন ছিল।
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন ডেলিগেশন প্রধান ডেভিড ওয়ার্ডের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন। আজ দুপুর সোয়া দুটায় তারা ইসিতে আসেন। প্রতিনিধিদলে আছেন ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং।
এক ঘন্টার বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং বলেন, পর্যবেক্ষক পাঠানোর জন্য যথেস্ট প্রস্তুতি নেয়ার দরকার। সেই সময় এখন নেই। তবে ছোট কোনো টিম থাকতে পারে।
নির্বাচন ভবনে ইসির পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। চার কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ইইউ এক বিবৃতিতে বলেছে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না।








