ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ জনতা কলেজ ও জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এলজিইডি সড়কের কালভার্ট দিয়ে প্রভাবশালী মহল পানি নিস্কাশন বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কলেজ ভবনের দেয়াল ঘেঁষে পানি থৈ থৈ করছে। তলিয়ে গেছে সড়ক। কলেজ ও বিদ্যালয় মাঠ দিয়ে মানুষসহ যানবাহন চলাচল করছে। বিঘ্নিত হচ্ছে লেখাপড়ার পরিবেশ।

উপজেলার কালাদহ ইউনিয়নের কালাদহ - বিদ্যানন্দ এলজিইডি সড়কের কালভার্টটির মুখে ইটের দেয়াল তুলে পানি নিস্কাশন বন্ধ করে দেন এলাকার প্রভাবশালী ফারুক খান জিন্নাহ। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের নিকট লিখিত অভিযোগ তিনি এক মাস আগে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় চেয়ারম্যানকে কালভার্টের মুখে ইটের অপসারণের আদেশ দেন। এক মাস পরও সে আদেশ বাস্তবায়ন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নতুন নির্মান করা সড়ক তলিয়ে গেছে। কলেজ ভবনের দেয়াল ঘেঁষে পানি থৈ থৈ করছে। ঝুঁকির মুখে এখন কলেজ ভবন।

জনতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহিদ পারভিন জানান, সড়ক তলিয়ে যাওয়ায় মানুষসহ যানবাহন কলেজ মাঠ দিয়ে চলাচল করছে। জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষত জসিম উদ্দিন জানান পানি এখন মাঠে উঠছে কদিন পর ঘরে উঠবে।

উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। কবে বাস্তবায়ন হবে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।