ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটের লাখিতে প্রাণ গেল তুসি বুড়ি (৭০) নামে এক বৃদ্ধার ।বৃহস্পতিবার বিকালে শহরের সহদেবপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সহায়-সম্বলহীন তুসি বুড়ি সহদেবপুর পারুলের কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার বিকালে ভিক্ষা করে ফেরার পথে একই কলোনির আরেক বাসিন্দা লিটনের মার শরীরের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লিটন তুসি বুড়িকে সজোরে লাথি দেয়। এতে বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে গেলে প্রতিবেশিরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। এখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বখাটের লাথিতে বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করেছে। সে কুমিল্লা শহরের দুলাল মিয়ার ছেলে। পরিবারের সাথে একই কলোনিতে বসবাস করতো সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।