একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মাওলা রনিকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে আটক করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুইদিন আগে শুক্রবার পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলায় তিনি মাথা ও পিঠে আঘাত পান। শুক্রবার গলাচিপা উপজেলার উলানিয়া আয়শা (রা) জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার সময় একদল সন্ত্রাসী রড ও লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা করে। একপর্যায় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।