অর্থপাচার মামলায় পুরান ঢাকার ‘ক্যাসিনো ব্রাদার’ এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো: ইকবাল হোসেনের আদালতে মামলার বাদি সাক্ষ্য দেন। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে আদালত বাকি সাক্ষীদের জন্য আগামী ১৫ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলার এনু-রুপন দুই ভাই ছাড়া অন্যান্য আসামি হলো হারুন উর রশিদ ওরফে হারুন, শেখ সানি মোস্তফা, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম, জয় গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রফিকুল হক ভূঁইয়া ও মেরাজুল হক ভূঁইয়া।
উল্লেখ্য গত বছরের ২৫ ফেব্রুয়ারি এনু-রুপনের লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, পাঁচ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজ এবং এক কেজি স্বর্ণ জব্দ করে র্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব। ২০২০ সালের ২১ জুলাই আদালতে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর গত ৫ জানুয়ারি আদালত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন করেন। এদিকে অর্থপাচারের পৃথক দুটি মামলায় গত ২৬ জানুয়ারি একই আদালত এনু ও রুপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১৯ সালের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ এনু-রুপন ২ ভাই গ্রেফতার হন।