বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হবে ২১ এপ্রিল। গতকাল আসামিদের দেয়া চার্জশিটটি গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদের মধ্যে জামিন শুনানির জন্য জেলা জজ আদালতে সিরামিস (জামিন শুনানির) নথি থাকায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উদ্দিন নথিপ্রাপ্তি সাপেক্ষে আগামী ২১ এপ্রিল চার্জশিট গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেনÑ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, সিপাই শাকিল হোসেন, সুকানি নাসির মৃধা, মো: হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।
গত ২৩ ফেব্রুয়ারি তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট নৌথানার উপপরিদর্শক (এসআই) শাহিদুল আলম ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হামিদ ছোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।



