টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ সচিবের কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার ভোরে দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ওই কক্ষে থাকা ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধোয়া দেখে ইউনিয়ন পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে ওই কক্ষে থাকা একটি ফ্রিজ, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু বলেন, ভোরে দায়িত্বরত গ্রামপুলিশের থেকে সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে অবহিত করি। কিন্তু টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নেভায়। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন দিলে দায়িত্বরত কর্মকর্তা কোনো তথ্য দিতে পারেন নি।




