নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কলেজ রোডে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজারে কলেজ রোডের তিনটি দোকান মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন আগুনে পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের ন্যায় রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় তারা। বাড়ি পৌঁছা মাত্র মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছেন।
ক্ষতিগ্রস্ত তিন দোকানি জানায়, আগুনে নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমার ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি।’
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও তিনি জানান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে পর্যাপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আগুন লাগার কারণে বাজারে কোনো প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়।’
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, ‘আগুনের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি এবং থানা পুলিশকে জানাই। ’
সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগরপুর দেলদুয়ারের সাংসদ রবিউল আওয়াল লাভলু এমপির প্রতিনিধি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আরিফুল ইসলাম নবা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সহ-সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন মুসা, স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য মো: রাজিব আহম্মেদসহ আরো অনেকে।















