মক্কা ও মদিনা শরীফ অঞ্চলের পবিত্র স্থাপনা ও বেসামরিক মানুষের ওপর হাউছি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এসব হামলার উদ্দেশ্য ছিল বেসামরিক মানুষকে আতঙ্কিত করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া।

আল জাজিরা বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ওআইসির মহাসচিবের কার্যালয় এক বিবৃতিতে হাউছি গোষ্ঠীর চালানো এসব হামলাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে। এতে বলা হয়, মক্কার পবিত্র নগরী ও মদিনা অঞ্চলে চালানো হামলাগুলো ‘বেসামরিক মানুষকে আতঙ্কিত করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করা এবং সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে উসকানি দেয়ার’ উদ্দেশ্যে করা হয়েছে।

বিবৃতিতে ওআইসি মহাসচিবের কার্যালয় বলেছে, ‘পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা সন্ত্রাসবাদ, যা ইসলামি মূল্যবোধ, আন্তর্জাতিক রীতি ও আইনের পরিপন্থী।’

সংস্থাটি আরো বলেছে, পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করা ‘এমন এক সীমালঙ্ঘন, যা কোনোভাবেই গ্রহণ বা সহ্য করা যায় না’। এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও উল্লেখ করেছে ওআইসি।

বিবৃতিতে সৌদি আরবের সাথে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা। একই সাথে পবিত্র স্থান ও বেসামরিক মানুষকে সুরক্ষা দেয়ার পাশাপাশি দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।