পবিত্র মক্কা শরীফে কাছে ইয়েমেনের হাউছি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার ভোরে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি মক্কার সংরক্ষিত আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষ শহরের দক্ষিণে গিয়ে পড়েছে।

আল-মালিকি ঘটনাটিকে পবিত্র মক্কা শরীফ লক্ষ্য করে হাউছিদের দ্বিতীয় হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই পবিত্র মক্কা শরীফের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার কথা বলেন।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে থাকা মুসল্লি ও হজযাত্রীদের নিরাপত্তা একটি ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

এর এক দিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তাইফে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হাউছিদের মধ্যে সংঘাত জুলাইয়ের শুরু থেকে আবারো বেড়েছে। এর আগে কয়েক বছর ধরে দুই পক্ষের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল।

২০১৪ সালে হাউছিরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশ দখল করে নেয়ার পর ইয়েমেন যুদ্ধে জড়িয়ে পড়ে। এর পর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।