চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটের নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক (৫০) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা থানা পুলিশ আহত আবু সিদ্দিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু সিদ্দিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত দাউল মণ্ডলের ছেলে। তিনি কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনার পুরাতন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের দুইটা বাড়ি হওয়ায় আমার বাবা রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে শ্যামপুর থেকে একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের বাড়ি যাচ্ছিল। আধাঘণ্টা পর জানতে পারি বাবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর আবু সিদ্দিককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






