কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচা মরিচের বাজারে ফের যেন আগুন লেগেছে। প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকা এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়।
রোববার (২ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই চাহিদার তুলনায় কাঁচা মরিচের সংগ্রহ খুবই কম।
বিক্রেতারা জানান, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে উপজেলার সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত চরাঞ্চলের বেশিরভাগ মরিচ ক্ষেতে পানি জমে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। তাই কৃষকেরা চাহিদামতো কাঁচামরিচ উৎপাদন করে বাজারজাত করতে পারছেন না। ফলে পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ ক্রয় করে খুচরা পর্যায়ে কিছুটা চড়া দামে বিক্রি করা ছাড়া তাদের কোনো উপায় নেই। এতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস ওঠেছে।

