জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজারসংলগ্ন সামছুল ইসলামের বাড়ির গোসল খানার মেঝের নিচ থেকে এই হাড়গোড় উদ্ধার করা হয়।
ওই বাড়িতে কর্মরত রাজমিস্ত্রি নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানান, বাড়িটিতে সংস্কার কাজ করার সময় বিকেলে বালু সিমেন্ট মেশানো মসলা বেশি হওয়ায় বাড়ির মালিক তাদেরকে গোসলখানার মেঝের কাজ করতে বলেন। এ কাজ করতে গিয়ে তারা সেখানে লাগানো লাউ ও পুঁইশাকের গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান থেকে অর্ধপচা জিন্সের প্যান্ট ও বেল্ট দেখেন এবং গর্ত থেকে লাশের পচা দুর্গন্ধ পান। এ অবস্থায় তারা কাউকে কিছু না বলে জায়গাটি মাটি চাপা দিয়ে বিষয়টি পাঁচবিবি থানায় জানায়। খবর পেয়ে ওই রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক ও সিআইডি সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিকসহ ডিএনএ টেস্টের পর পরিচয় শনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।