কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যানচাপায় এক নারী পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম পৌর শহরের মিশ্রী এলাকার ভাঙা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোসনা আক্তার (২৪) পার্শ্ববর্তী লালমাই উপজেলার বরল এলাকার ইব্রাহীম খলিলের মেয়ে এবং জামিরা এলাকার মামুনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। ওই সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের লাকসাম ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।



