কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একটি নির্মাণাধীন রাস্তার কাজ দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাস্তাটির কাজের বিষয়ে সরেজমিন তদন্ত করেন দুদকের সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কর্মকর্তারা।

এ সময় কর্মকর্তারা সরেজমিন সড়ক পরিদর্শনের করে সড়কের মাপসহ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী- ইট, বালি, খোয়া পরীক্ষার জন্য সংগ্রহ করেন।

জানা যায়, দুদকের সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি দল উপজেলার আল্লারদর্গা-রিফায়েতপুর সড়কের নির্মাণাধীন কাজের বিষয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাহিদুল ইসলাম ও এলজিইডির দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম। মঙ্গলবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযানে সড়কের ইট, প্রস্থ্যের মাপ, গাইডওয়ালের মাপ ও মান, ইটবালির থিকনেসসহ কাজের সময়কাল, ঠিকাদার পরিবর্তনের কারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তদন্ত ও উপকরণের আলামত সংগ্রহ করা হয়। এ সময় স্থানীয়দের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্নিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, এই রাস্তাটির বিষয়ে দুদকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এ কারণে রাস্তার বিষয়ে সরেজমিন তদন্ত করা হলো। কাজের মান ও উপকরণ দেখা হয়েছে। পরীক্ষার জন্য নিদিষ্ট কিছু জায়গার ইট ও বালি সংগ্রহ করা হয়েছে।

দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, রাস্তাটির বিষয়ে দুদক কর্মকর্তারা যেসব তথ্য চেয়েছেন সেগুলো সরবারহ করা হয়েছে। রাস্তার প্রস্থ্য, ইটবালির পরিমাণ, গাইডওয়ালের মান ও দৈঘ্য-প্রস্থ্য পরিমাপ করে তদন্ত কর্মকর্তারা সঠিক পেয়েছেন।