ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হতে দেয়া হবে না। জীবনের মায়া ত্যাগ করে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দরা জুলাই-আগস্টে রাজপথে ছিলাম। ওই সময়ে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য আহ্বান করেছিলাম।’
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাভারের মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তমিজ উদ্দিন বলেন, ‘ওই সময়ে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে থাকতে হবে। বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এছাড়া প্রত্যেক শহীদদের নামে যেন স্তম্ভ করা হয়।’
স্মরণ সভায় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং তারা স্মৃতিচারণ করেন। এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ সাভার, আশুলিয়া ও ধামরাই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






