বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ইতালি সফর শেষে শুক্রবার (১৬ মে) দেশে ফিরেছেন।
ইতালির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গরেট্টির আমন্ত্রণে গত ৮ মে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স-২০২৫-এ অংশ নেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’র আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।
বিমান বাহিনী জানিয়েছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান ওই সরকারি সফরে ইতালির উদ্দেশে গত ৭ মে ঢাকা ত্যাগ করেন।






