ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে পাঠানো এক বার্তায় তিনি লিখেছেন, ‘রমজানের বরকতময় মাস শেষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

মোদি বলেন, পবিত্র মাসে ভারতীয় ২০ কোটি মুসলমান বিশ্বজুড়ে তাদের ভাই-বোনদের সাথে রোজা ও নামাজে পবিত্র সময় কাটিয়েছেন।

তিনি বলেন, ঈদ-উল-ফিতর হচ্ছে আনন্দ উদযাপন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়।

পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘এটি আমাদের করুণা, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের একত্রিত করে।’

এই শুভদিন উপলক্ষে মোদি বলেন, তারা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন।

তিনি আরো বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’