রাজধানী ঢাকায় সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।
সোমবার (২৮ জুলাই) ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে ও প্রধানমন্ত্রী নাদির লারবাউই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় আলজেরিয়ার দুই নেতা নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসাথে এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকারের ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন তারা।
প্রেসিডেন্ট তেববুনে ও প্রধানমন্ত্রী লারবাউই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।








