শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে পাকিস্তানের সফরকারী বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প উন্নয়নের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে দু’দেশ একসাথে কাজ করতে পারে। তিনি এই সময় বাংলাদেশে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্পের উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের যে সিদ্ধান্ত হয়েছে- তাও জানানো হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দু’দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগীতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাথে ছিলেন ঢাকায় পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় শিল্প সচিব মো: ওবায়দুর রহমান ও বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস