পাকিস্তান-ইরান সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৩৩ জন বাংলাদেশীকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। বুধবার তাফতানের কাছে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই অভিযানটি পরিচালিত হয় বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা মাশকিলে, যা অনিয়মিত অভিবাসনের জন্য একটি পরিচিত ট্রানজিট রুট হিসেবে কুখ্যাত।
জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেছিলেন। পরে তারা কোনো উপযুক্ত কাগজপত্র বা আইনি অনুমতিপত্র ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করেন।
সীমান্ত সংলগ্ন একটি অপ্রচলিত ও অননুমোদিত পথ দিয়ে ইরানে যাওয়ার চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের আটকায়। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক ভ্রমণসংক্রান্ত বৈধ নথিপত্র প্রদানে ব্যর্থ হন।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘৩৩ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে। আরো তদন্তের জন্য তাদের এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এই দলটি সীমান্তে সক্রিয় একটি মানব পাচারকারী নেটওয়ার্কের সাথে জড়িত থাকতে পারে।’
ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট মানব পাচারকারী চক্র সম্পর্কে আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
সূত্র : সামা টিভি








