ভারত-পাকিস্তান সংঘাতে দুই দেশকেই সংযত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ মনে করে কূটনৈতিক দিক থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

তিনি বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসন করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থানে ফিরে আসবে বলে তারা মনে করেন।

বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এ-ও বলেন, ভারত, পাকিস্তানের এ সংঘাতে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না। এরপরও বংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে ভারতের আকাশপথে কোনো সমস্যা হয় কি-না, সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।