রুয়েট প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

শিক্ষার্থীরা এ সময় ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেনো, তারেক জিয়া জবাব চাই’, ‘চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’, ‘যুবদলের অনেক গুন, রাস্তাঘাটে মানুষ খুন’, ‘রাস্তাঘাটে মানুষ মারে, ইন্টেরিম কি করে’, ‘যুবদলের অনেক গুন, পাথর দিয়ে করছে খুন’, এক দুই তিন চার, চাঁদাবাজ দেশ ছাড়’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় যন্ত্রকৌশল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বলেন, ‘বিগত এক বছরে আমরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে শতাধিক খুনের ঘটনা দেখেছি। যার অধিকাংশ ছিল অভ্যন্তরীণ কোন্দলে। আমরা এক মনস্টার হাসিনাকে নামিয়েছি, আরেকটাকে নামাতে দ্বিধাবোধ করবো না।

তিনি বলেন, ‘আমরা ইন্টেরিমের কাছে জানতে চাই, শহীদের রক্তের উপর বসে দেশের নিরাপত্তা ও বিচার ব্যবস্থার এই ব্যর্থতার কী জবাব দিবেন আপনারা? আমরা অতি দ্রুততম সময়ে সকল হত্যার বিচার এবং এই নৃশংসতার অবসান দাবি করছি।’