করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরো দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে সাতজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মৃতদের একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন সিলেটে ও আরেকজন চট্টগ্রামে মারা গেছেন।

মৃতদের একজন একটি সরকারি হাসপাতালে ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।